Subscribe Us

গণতন্ত্র ফিরিয়ে আনতে দৃঢ়সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের



গণতন্ত্র ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে জনগণকে দৃঢ় সংকল্পের সাথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান। 

 ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল, এই দিনটি স্মরণ করে তারেক রহমান তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, "১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য বহুদলীয় গণতন্ত্রের উপর আঘাত এনে একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ প্রতিষ্ঠা করে। এই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে জোরপূর্বক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাস করেছিল। তখন সব সংবাদপত্র বন্ধ করে শুধু তাদের অনুগত চারটি পত্রিকা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এভাবে জনগণের দীর্ঘদিনের সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ধ্বংস করে দেশে এক অন্ধকার যুগ সৃষ্টি করেছিল।"
 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন, "একদলীয় শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে তারা শুধু গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরং দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্বকেও বিপদগ্রস্ত করে তোলে। বিরোধী দলগুলোর প্রতি তাদের আচরণ ছিল সম্পূর্ণ অমানবিক এবং তারা কখনো সভ্যতার প্রমাণ দেখায়নি। তখন কারাগার ছিল বিরোধী দলের একমাত্র আশ্রয়।" 
 তারেক রহমান আরও উল্লেখ করেন, "গণতন্ত্রবিরোধী এবং জনগণের কাছে জনপ্রিয়তা হারানো আওয়ামী লীগ সরকার ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এখন সময় এসেছে জনগণের কাছে গণতন্ত্র, বাক্‌-ব্যক্তিস্বাধীনতা এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দৃঢ় সংকল্পে এগিয়ে আসার।"

Post a Comment

0 Comments